শালিখায় গুলিতে নিহত বিএনপি কর্মীসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

 
মাগুরার শালিখায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত বিএনপি কর্মী মশিউর রহমানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার সকালে শালিখা থানার এসআই গৌতম কুমার বাদী হয়ে অস্ত্র আইনে ও পুলিশের উপর হামলার ঘটনায় এ মামলা দুটি দায়ের করেন।
 

উল্লেখ্য, ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শালিখা উপজেলার হাজামবাড়ি এলাকায় রবিবার সন্ধ্যা সাতটায় বিএনপি-জামায়াত কর্মীরা বেশ কয়েকটি পরিবহনে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিএনপি-জামায়াত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ও ইটপাটকেল নিক্ষেপ এবং গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মশিউর রহমান (৪০) নামে এক বিএনপি কর্মী নিহত হন। আহত হন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ, এস আই ইসমাইল হোসেন, এস আই গৌতম কুমার,এস আই হাবিব ও এস আই হাফিজ। পুলিশ এ সময় ৪ টি পেট্রোল বোমা উদ্ধার করে বলে জানানো হয়েছে।