হরতাল ও অবরোধ প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

 
 
২৪ ঘন্টার মধ্যে হরতাল ও অবরোধ প্রত্যাহার করার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘বেগম জিয়া যদি অবরোধ, হরতাল প্রত্যাহার না করেন তাহলে তার অফিস কূটনৈতিক পাড়া থেকে সরিয়ে নেয়া হবে এবং তাকে ঘেরাও করে রাখা হবে।’
 
আজ সোমবার গুলশানের থানার সামনে সাবেক ওয়ান্ডার ল্যান্ডের মাঠে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আয়োজিত বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও উপলক্ষে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
উল্লেখ্য, সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ি অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার প্রাক্কালে গুলশান ২নং গোল চত্বরের কাছে ২য় তলা থেকে উচ্চক্ষমতা সম্পন্ন বোমা নিক্ষেপ করা হয়। এতে ২৩ জন আহত হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং শিরিন আখতার এমপি।
 

শাজাহান খান বলেন, ‘হরতালের নামে বেগম জিয়া ৫০ জন ড্রাইভার হেলাপারকে পুড়িয়ে-পিটিয়ে মেরেছে। মুক্তিযোদ্ধা, ব্যাংক কর্মচারী, ৩ জন বিডিআর, পুলিশকে হত্য করা হয়েছে। এ পরিস্থিতি আর সহ্য করা যায় না।’ তিনি বলেন, ‘বেগম জিয়া মানুষ রূপি দানব। রক্ত খেকো। খালেদা জিয়াকে কারাগার ছাড়া বাইরে রাখা যায় না।’