বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী দেশ রক্ষায় উদার হয়ে, ছাড় দিয়ে দ্রুত আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার রাজধানীর বারিধারায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবারও এই আহ্বান জানান।
বি. চৌধুরী বলেন, রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর দায়িত্বই বেশি। আমি আশা করি, দেশ রক্ষার জন্য সরকার ও বিরোধী পক্ষের শুভবুদ্ধির উদয় হবে এবং আলোচনায় বসবে। কারণ দেশ জ্বলছে, মানুষ মরছে। অর্থনীতি ধ্বংস হচ্ছে। অর্থমন্ত্রীর ভাষায়-ঢাকার বাইরে সরকারের কর্তৃত্ব নেই। তিনি বলেন, বন্দুক ও পুলিশ দিয়ে দমন-পীড়ন করে রাজনৈতিক সমস্যার সমাধান হবে না। রাজনীতির সমাধান করতে হবে রাজনীতি দিয়ে।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বিদেশিদের মাধ্যমে সংলাপ হলে তা দেশের জন্য লজ্জাজনক হবে। বিডিআর বিদ্রোহের সময় ৫৬জন সামরিক কর্মকর্তা হত্যাকারীদের সঙ্গে এবং পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে সন্তু লারমার সঙ্গে আলোচনা করতে পারলে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে সমস্যা কোথায়? তার মতে, প্রধানমন্ত্রী চাইলে দ্রুততম সময়ে সমস্ত সমস্যার সমাধান করতে পারেন।
অধ্যাপক চৌধুরী আরও বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগও বলেছিল, ওই নির্বাচন ছিল সংবিধান রক্ষার জন্য। সুতরাং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য দ্রুত একটি নির্বাচন করতে হবে। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে নৌ-মন্ত্রীর সমাবেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সমাবেশে নৌমন্ত্রীর বক্তব্য হাস্যকর। তিনি জনগণকে লেলিয়ে দেন কেনো? বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।