মুক্তিযুদ্ধের ভারতীয় বিমান বাহিনীর ‘ডাকোটা’ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে আনুষ্ঠানিকভাবে সংরক্ষণ করা হয়েছে।
সোমবার ঐতিহাসিক এ বিমানটি সংযোজন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভারতীয় বিমান বাহিনীর প্রতিনিধি, ভারতীয় হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন।
ডাকোটা বিমান ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সৈন্য পরিবহনসহ বিভিন্ন কাজে সহায়ক ভূমিকা রাখে। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে বিশেষ অবদানের স্বাক্ষর বহন করে। ডাকোটা বিমানটির হস্তান্তর প্রক্রিয়াটি দুই দেশের সামরিক বাহিনীর বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
গত বছরের সেপ্টেম্বর মাসে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর ভারত সফরে গেলে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক বিবেচনা করে ভারতের বিমান বাহিনী জাদুঘর থেকে বাংলাদেশকে একটি ডাকোটা বিমান উপহার হিসেবে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত মাসে সি-১৭ বিমানের মাধ্যমে ডাকোটা বিমানটি বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়।
-আইএসপিআর