বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবার রাতে টাঙ্গাইলের ঘাটাইলে ও কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাতে বগুড়ায় ফের ট্রাকে পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে। এতে দগ্ধ হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল চারটার দিকে রাজধানীর বাড্ডা লিঙ্ক রোডে তুরাগ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গুলশান এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ককটেলের আঘাতে বাবুল আহমেদ নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ।
গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার লুত্ফুল কবির জানান, ওই ঘটনায় মোট ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকজনকে আটক করা হয়েছে। দুপুর পৌনে একটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে উল্টো পাশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্শ্ববর্তী সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পুরনো ঢাকার ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস সূত্র বলছে, ইঞ্জিন থেকে আগুন ধরেছিল।
আমাদের ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ঘাটাইলের খাল পাকুটিয়া নামক স্থানে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এতে কেউ হতাহত হয়নি। বাস থেকে লাফিয়ে নামার সময় গোপালপুর উপজেলার মির্জাপুর গ্রামের রতন কুমার দাস (৫০) নামে একজন যাত্রী আহত হন। তাকে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। এদিকে একই সময় গুণগ্রাম নামক স্থানে দুর্বৃত্তরা ৪/৫টি গাড়ী ভাংচুর করে। এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, পেট্রোল বোমা হামলায় বাসটির ক্ষতিসাধিত হলেও কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে কেউ গ্রেফতার হয়নি।
আমাদের চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে আবারও পেট্রোল বোমা হামলা হয়েছে। গতকাল রাত সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন এলাকায় এ হামলা করে পালিয়ে যায় নাশকতাকারীরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাউদকান্দি থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী পাপিয়া ট্রান্সপোর্টের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-১৩৫৯) মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় কে বা কারা মহাসড়কের দক্ষিণ পাশ থেকে বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে। বাসের পিছনের অংশের একটি সিটে আগুন ধরে যায়। তাত্ক্ষণিকভাবে গাড়ির চালক গাড়িটি থামিয়ে বস্তাচাপা ও পানি দিয়ে আগুন নেভায়।
আমাদের বগুড়া অফিস জানায়, গতকাল রাত সোয়া ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বেতগাড়ি নামকস্থানে কয়লা বোঝাই ওই ট্রাকে পেট্রোলবোমা হামলা চালানো হয়। দগ্ধ ট্রাক চালক আব্দুল কাদের (৪০) পাবনার সাঁথিয়া উপজেলার গোপালপুর গ্রামের আসমুদ্দিনের ছেলে। তার সহকারী লিটন কাজী একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের মৃত রতন কাজীর ছেলে। আব্দুল কাদের সামান্য দগ্ধ হলেও রতন কাজী অনেকটাই দগ্ধ হয়েছেন।
এর আগে সকালে শহরের ঠনঠনিয়ায় অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেছে। এরআগে রবিবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান এলাকায় গরু বহনকারী ট্রাক এবং মাটিডালিতে একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাতভর শহরের বিভিন্ন এলাকায় একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটে।
আমাদের সিলেট অফিস জানায়, সিলেটের মীরের ময়দানে এলাকায় গতকাল দুপুরে সিএনজি চালিত অটোরিকশাকে লক্ষ্য করে ককটেল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেল হামলায় আহতরা হলেন ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের শেখপুরের মাহবুবুর রহমান লায়েকের মেয়ে আফ্রিতা মাহবুব নাফিসা (৮), ছেলে হাফিজুর রহমান (১৮ মাস) ও সিএনজি অটোরিকশা চালক সৈয়দ মিয়া। একই সময় নয়াসড়কস্থ আড়ং শপিং সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে এক তরুণী ক্রেতা আহত হয়েছেন। সেসময় একটি মাইক্রোবাসেও পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।
আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেখে দ্রুত বাস থেকে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন।
আমাদের গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান : উপজেলার করমদী গ্রামের একটি পরিত্যক্ত ঘর হতে ৪টি পেট্রোল বোমা ও তিনটি ককটেল উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, কোতোয়ালী থানাধীন দিদার মার্কেট এলাকায় হরতাল-অবরোধ সমর্থকরা গতকাল দুপুরে যাত্রীবাহী বাসে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাসের জানালার পাশে বসে থাকা এক যাত্রী আহত হন। হামলাকারীরা বাসের অদূরে দু’টি ককটেল ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে চান্দগাঁও থানা এলাকার মৌলভী পুকুরপাড়ে শরাফত উল্লাহ পেট্রোলপাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়।