আত্মবিশ্বাসী টাইগাররা

এই পাঁচ বছর আগেও আন্তর্জাতিক ক্রিকেট মহল আফগানিস্তানের নামই জানতো না।
এই সময়টাতে আফগানিস্তান শুধু আন্তর্জাতিক ক্রিকেটে উঠে এসেছে, তাই নয়; রীতিমতো বড় বড় দলগুলোর বিপক্ষে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে তারা। পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো দলের পরীক্ষা নিয়ে নিয়েছে তারা ক্রিকেট মাঠে। আগামীকাল সেই আফগানিস্তানের বিপক্ষে আরেক দফা পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে।
ক্যানবেরার মানুকা ওভালে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় এবারের বিশ্বকাপে যার যার প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশের জন্য খুবই বাজে খবর হল, এই দুই দলের এর আগে একমাত্র লড়াইয়ে জয়ী দলের নাম আফগানিস্তানই।
এবার বিশ্বকাপের সূচী ঠিক হওয়ার পর থেকেই আলোচনায় এই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখনও পর্যন্ত একমাত্র ম্যাচে হেরে গিয়েছিল, তাই আলোচনাটা আরও বেশি। সেই পরাজয়টা ছিল গত বছরের এশিয়া কাপে; ঢাকাতেই।
যদিও বাংলাদেশের ক্রিকেটাররা বারবার বলছেন, সেই পরাজয়ের স্মৃতি নিয়ে তারা বসবাস করছেন না। সেই পরাজয়ের পর দেশের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্টা আফগানদের গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। গতকালও দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ বললেন, তারা সেই পরাজয় নিয়ে ভাবছেন না। তারা জানেন, স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই তারা আফগানিস্তানকে হারাতে পারবেন।
মাহমুদউল্লাহর এসব কথা হয়তো মেনে নেয়া যেত। কিন্তু টানা চারটি অনুশীলন ম্যাচে হার, বিশেষ করে সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হার বাংলাদেশের এই আত্মবিশ্বাসী ব্যাপারটা একটু কমিয়ে দেয়ার কথা। এখন বাংলাদেশের চ্যালেঞ্জ হল, আগামীকালকের আগেই আত্মবিশ্বাসটা ফিরিয়ে ম্যাচে নিজেদের সেরাটা খেলা।