সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' 'ডাকাত' গুলিবিদ্ধ


সাতক্ষীরায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' শহীদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শহীদুল ইসলাম শহরের রসুলপুর পশ্চিমপাড়া এলাকার আকবার আলীর ছেলে।
পুলিশের দাবি, শহীদুল ইসলাম আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল শহীদুলসহ তার সহযোগীরা। খবর পেয়ে অভিযান চালালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও দুইটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে পুলিশও গুলিবর্ষণ করলে রামচন্দ্রপুর ফাঁকা মাঠের মধ্য দিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহীদুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থল থেকে ১টি দা, ০১টি ধারালো ছোরা, ০১টি শর্ট গানের গুলির খোসা ও বোমার অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শহীদুল ইসলামের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের দুটিসহ ১০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে, শহীদুল ইসলামের বাবা আকবার আলী জানান, পুলিশ সোমবার সাতক্ষীরা জজ কোর্ট এলাকা থেকে শহীদুলকে ধরে নিয়ে যায়। পরে রাতে তার দুই পায়ে গুলি করেছে।