বাংলাদেশের যেখানে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও নাশকতা করা হবে সে সকল ঘটনার প্রত্যেকটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সফর আলী ডিগ্রী কলেজের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মায়া বলেন, খালেদা জিয়া শুধুমাত্র ভণ্ডামির জন্য বাসা ছেড়ে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। আপনি যতই ভণ্ডামি করুন না কেন ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে নির্ধারিত সময়েই নির্বাচন হবে।
তিনি আরো বলেন, ইজতেমার সময়েও অবরোধ হরতাল দিয়েছেন খালেদা জিয়া।
কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, ইউএনও সামছুল হক, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সহকারী কমিশনার (ভূমি) শরীফুল হক, কলেজের ভিপি নাঈম আহমেদ, সাবেক ছাত্রনেতা আবু সিদ্দিক বাদল, আলমগীর হোসেন, আমির হোসেন প্রমুখ।