রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি গ্রেফতার

রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি নাফিস রাইয়্যান ও সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন মুলহীমকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে নগরীর পবা কলেজ মোড় এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে শাহ্ মখদুম থানার ওসি মিজানুর রহমান খান জানান, আটক শিবির নেতাদের জিজ্ঞাসাবাদ এবং তাদের নিয়ে নগরজুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে তাদের তথ্যানুযায়ী নাশকতায় জড়িত কয়েকজনকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। মঙ্গলবার বিকাল পর্যন্ত তাদের থানা হেফাজতে পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এদিকে তিন শিবিরের নেতাকে গ্রেফতারের নিন্দা, প্রতিবাদ ও তাদের মুক্তি দাবিতে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে বুধবার ভোর থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টার হরতাল আহবান করা হয়েছে। সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলম ইমন,  বগুড়া শহর শাখার সভাপতি আলাউদ্দিন সোহেল ও চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি গোলাম মোস্তফাসহ আট জেলার সভাপতিবৃন্দ এই হরতাল আহবান করেন বলে রাজশাহী মহানগর শিবিরের বিবৃতিতে জানানো হয়।