ঋণ জালিয়াতি: ৩ প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

 
 
 
আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে দেশের তিনটি আর্থিক প্রতিষ্ঠানের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কশিমন (দুদক)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।
মঙ্গলবার যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের হেড অব ইন্টারন্যাশনাল মুশতাক আহমেদ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডর (এনএইচএফআইএল) ভাইস প্রেসিডেন্ট মো. কামাল পাশা এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শান্ত্বন সাহা। এর আগে গত ১০ ফেব্রুয়ারি ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস দেয় দুদক।
দুদক সূত্র জানায়—দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে। জাহাজ নির্মাণের পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ সব ঋণ দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ সব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনের রিপোর্টের পর কমিশন তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।