দুই দিনের রিমান্ডে হেলাল খান

 
জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা ও চলচ্চিত্র অভিনেতা হেলাল খানের দুই দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সোমবার বিকালে পুরান ঢাকার জনসন রোড এলাকা থেকে হেলাল খানকে আটক করে গোয়েন্দা পুলিশ।
বাসে পেট্রল বোমা মেরে আগুন ধরিয়ে জনসাধারণকে হত্যার চেষ্টাসহ বিস্ফোরক আইনে দায়েরকৃত বাড্ডা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু জায়েদ মো. নাজমুন নুর আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিন রিমান্ড চান।
আদালতে আসামির রিমান্ড বাতিল করে জামিন চান তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সাবরিনা আলী রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে জান যায়, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৭ টায় রাজধানীর উত্তর বাড্ডা এলাকাধীন প্রগতি সরণীর আজহার কমফোর্ট বিল্ডিং এর সামনে রাস্তার উপর যাত্রীবাহী বাসে পেট্রল বোমা মেরে আগুন ধরিয়ে জনসাধারণকে হত্যার চেষ্টা চালায়। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওইদিনই হেলাল খানসহ ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনের বিরুদ্ধে দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইনসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বাড্ডা থানার উপপরিদর্শক হাবিব।