নান্দাইলে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া রংপুর গ্রামে বৃদ্ধ মা জোছনা আক্তারকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে ছেলে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই গ্রামের লোকজন অভিযুক্ত ছেলে জয়নাল মিয়াকে (৩২) আটক করে পুলিশে খবর দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জয়নাল গত ৩/৪ দিন ধরে  অপ্রকৃতিস্থের মতো আচরণ করছিল। মঙ্গলবার রাতে মা জোছনা আক্তার ঘরের বাইরে গেলে জয়নাল ধারালো দা নিয়ে মাকে কোপাতে শুরু করে। এ সময় জোছনা আক্তার মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় চিৎকার-চেচামেচি শুনে এলাকাবাসী ছুটে এসে জয়নালকে আটক করে।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, ওই গ্রামে গিয়ে রাতেই মাতৃহন্তারক জয়নালকে থানায় নিয়ে আসা হয়েছে।