রাজশাহী মহানগরীর বিনোদপুরে ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইয়ামিন আলী (৩৫) এবং একই ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি (দক্ষিণ) ঈশাকে হাত-পায়ের রগ কেটে এবং গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে একদল শিবির ক্যাডার। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে নগরীর বিনোদপুর বাজারের কমেলা হক কলেজের ফটকের কাছে এই ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতিহার থানার ওসি আবু জাফর জানান, জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা ইয়ামিনের বাম হাত ও ডান পায়ের রগ কেটে দেয়া হয়েছে। এছাড়া তার বাম পায়ে গুলি করা হয়েছে। আর ছাত্রলীগ নেতা ঈশার দুই পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামেক হাসপাতালে তাদের জরুরী অস্ত্রপচার চলছিল।
পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ সূত্রগুলো হামলাকারীদের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, গত সোমবার রাতে নগরীর বিনোদপুরে ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাসে ককটেল হামলাকারীদের সম্পর্কে তথ্য দেয়ার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।