হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে কার্নিভাল উত্সব চলার সময় দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এই ঘটনায় আরো ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি কার্নিভালে থাকা একজন গায়ক মাথার উপরের বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে শকটের আশপাশের দর্শার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ঐ ঘটনায় কার্নিভালের শীর্ষে থাকা ফ্যান্টম নামের জনপ্রিয় এক সঙ্গীত শিল্পী বৈদ্যুতিক তারে জড়িয়ে যাচ্ছেন এবং সেখানে থেকে আলোর ঝলকানিসহ অগ্নস্ফুিলিঙ্গ ছড়িয়ে পড়ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গায়ক বৈদ্যুতিক ক্যাবলে আটকে যাওয়ার পর আতঙ্কিত দর্শকের হুড়োহুড়িতে অধিকাংশ মানুষ হতাহত হয়েছেন।
আহতদের মধ্যে ব্যারিকেড ক্রু নামের ব্যান্ড দলের সদস্য ফ্যান্টমও আছেন। তার শারীরিক অবস্থা গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন শিল্পীর বন্ধুদের একজন।
এই ঘটনায় শেষ দিনের কার্নিভাল বাতিল করে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে হাইতি সরকার।