সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ফরিদ আহমদ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও দোয়ারার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের রুহেল মিয়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার নাসিমপুর বাজারে কলেজ ছাত্র আব্দুর রাজ্জাক ও রুহেল মিয়ার মধ্যে কলেজের বিষয় নিয়ে বাক্ববিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে বাজারে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত ফরিদ আহমদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফরিদ সোনাপুর গ্রামের মৃত হাজী আরব আলীর পুত্র।
এ ঘটনায় রহমতপুর গ্রামের আব্দুর রাজ্জাক(২৪) কালা শাহ (২২), কালা মিয়া (৩০), সোনাপুর গ্রামের রুহেল মিয়া (২২), শাহিন সহ (২০)আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম জানান, সন্ধ্যায় বাজারে দুই কলেজ ছাত্রের মধ্যে কথা কাটাকাটির বিষয়টি নিষ্পত্তির জন্যবুধবার সকালে শালিস বৈঠকের কথা হয়েছে। এ সিদ্ধান্তের পর রাত প্রায় সাড়ে নয়টায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।