জীবননগরের উথলীতে বিনা মেঘে শিলাপাত!

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে বুধবার বিকেলে বিনামেঘে ব্যাপক শিলাপাতের ঘটনা ঘটেছে। একই সময়ে বৃষ্টি হয়েছে জীবননগর শহরে। শিলাপাতের ঘটনায় উথলী ইউনিয়নের উথলী, একতারপুর, সেনেরহুদা, মৃগমারী, দেহাটি, কাশিপুর, খয়েরহুদা, সন্তোষপুর, মনোহরপুর, শিংনগর, রাজাপুর, ও মানিকদাহ আশপাশের গ্রামের মাঠের উঠতি ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিশেষ করে এ ইউনিয়নের আম চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
খয়েরহুদা গ্রামের আমচাষি রফিউল ইসলাম জানান, তাদের ২০ বিঘা জমিতে আম্রপালি, মল্লিকা ও হাইব্রিড জাতীয় আম বাগান রয়েছে। বাগানের গাছে এবার ব্যাপক মুকুল এসেছে, কিন্তু বিকেলের শিলাপাতে আমের মুকুলের ক্ষতি হয়েছে বলে তিনি জানান।