গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় যমুনা ইলেক্ট্রনিক্স কারাখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কারখানার টিভি ও ফ্রিজ তৈরির দুটি ইউনিটের সমস্ত মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, আজ সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার যমুনা গ্রুপের যমুনা ইলেক্ট্রনিক্স কারখানার নীচ তলার টিভি তৈরির ইউনিটের গোডাউনের পেছন দিক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের আরো ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। রাত সাড়ে ৮টার দিকে আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনে যমুনা গ্রুপের ইলেকট্রনিক্স কারখানার টেলিভিশন ও ফ্রিজ তৈরির দুটি ইউনিটের সমস্ত মালামাল পুড়ে গেছে। ছুটি হওয়ার পর আগুন লাগায় হতাহতের আশংকা কম বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।