কক্সবাজার সদর উপজেলা জামায়াতের নেতা ও বহুল আলোচিত খরুলিয়া এলাকার তারেক বিন মোকতারকে চট্টগ্রামের চন্দনাইশ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে বুধবার ভোরে কক্সবাজার সদরের খরুলিয়াস্থ তার বাড়িতে অভিযান চালিয়ে ২টি এলজি ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। জামায়াত নেতা তারেক ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাওলানা মোকতার আহমদের ছেলে।
কক্সবাজার সদর থানা পুলিশের ওসি কাজী মো. মতিউল ইসলাম জানান, তারেক পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চন্দনাইশ এলাকায় আত্মগোপনে থাকা একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ পর্যন্ত তার নামে ৮টি মামলার তথ্য পাওয়া গেছে বলে ওসি জানান।
তবে জামায়াত নেতার পরিবারের দাবি, অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পূর্ণ সাজানো নাটক। অস্ত্রের সাথে তারেকের কোন সম্পর্ক নেই। তার সামাজিক ও রাজনৈতিক প্রতিপক্ষরাই তাকে ফাঁসিয়েছে। তারেক জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি একজন পরিচিত ব্যবসায়ী।