রাজশাহীতে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টা

রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী হাসান ইয়ামিন এবং একই ওয়ার্ডের (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি ইস্তিয়াক আহমেদ ঈশাকে হাত-পায়ের রগ কেটে ও গুলি করে হত্যার চেষ্টা করেছে শিবির ক্যাডাররা। মঙ্গলবার রাত সোয়া ৯টায় নগরীর বিনোদপুরে কমেলা হক কলেজের গলির গেটে এই ঘটনা ঘটে।

এদিকে গুরুতর আহত ইয়ামিন ও ঈশাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তাদের শরীরে জরুরি অস্ত্রোপচার করা হয়। ইয়ামিন নগরীর মির্জাপুরের আসাদ আলীর ছেলে এবং ঈশা একই এলাকার গাজিউল ইসলামের ছেলে। চিকিত্সকরা জানান, ইয়ামিনের বাম পা ও বাম হাতের রগ কেটে দেয়া হয়েছে। এছাড়াও তার বাম পায়ের হাঁটুর উপরে গুলি করা হয়েছে। ইশার দুই পায়ে হাঁটুর উপর দুইটি গুলির চিহ্ন রয়েছে বলে চিকিত্সকরা জানান। তবে উভয়ে আশঙ্কামুক্ত।