নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ছনপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১১-০৪৪৪) ভৈরব থেকে ঢাকা যাচ্ছিল। পথে ছনপাড়া নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মাধবদী, ভুলতাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।