কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে

 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দ্ণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা এম কামারুজ্জামানের মৃত্যুর পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। বৃহস্পতিবার এই পরোয়ানা কারাগারে পৌঁছেছে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী। 
তিনি জানান, কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে এসে পৌঁছেছে।
এর আগে দুপুরে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই পরোয়ানায় স্বাক্ষর করেন।
বুধবার কামারুজ্জামানের পূর্ণাঙ্গ ফাঁসির রায় ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর ট্রাইব্যুনালের রেজিস্টার মোহম্মদ মোস্তাফিজুর রহমান পূর্ণাঙ্গ রায় ও আনুষঙ্গিক নথিপত্র ট্রাইব্যুনাল-২ এর বিচারপতিদের সামনে উপস্থাপন করেন। রায় ও আনুষঙ্গিক নথিপত্র পর্যালোচনা করে বিচারপতিরা মৃত্যু পরোয়ানা স্বাক্ষর করেন। এরপর মৃত্যু পরোয়ানার কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
তবে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে কামারুজ্জামান রিভিউ পিটিশিন দায়ের করলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে।