১৫ দিনের মধ্যে রিভিউ করব: খন্দকার মাহবুব

 
 
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী রায়ের সার্টিফাইড কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আমরা রিভিউ করব।’
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার কামারুজ্জামনের মৃত্যুপরোয়ানা কারাগারে পাঠানোর পর এক সংবাদ সম্মেলনে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন।
 
এর আগে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার জামায়াত নেতা কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, ‘আসামিপক্ষ রায় পর্যালোচনার জন্য ১৫ দিন সময় পাবে। বুধবার এই দিন গণনা শুরু হয়েছে। তবে এর মধ্যেও সরকার তার প্রক্রিয়াগুলো এগিয়ে রাখতে পারে।’
 
অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি ভাবতে পারি না, কীভাবে বক্তব্য দিলেন যে, ‘রিভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে না, তার মৃত্যু পরোয়ানা পাঠিয়ে দেয়া হয়েছে, ফাঁসি দেয়া হবে।’ রিভিউ আবেদন না করলেও সরকারকে দণ্ড কার্যকরের জন্য ১৫ দিন অপেক্ষা করতে হবে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের এই  উপদেষ্টা।
 

এ সময় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের আগে তার রিভিউ আবেদনে প্রসঙ্গ টেনে কামারুজ্জামানের আইনজীবী প্রশ্ন রাখেন, ‘আপিল বিভাগ আমাদের রিভিউ শুনে রায় দিয়েছে, সেখানে বলা হয়েছে, পূর্ণাঙ্গ রায় পাওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ করা যাবে। তাহলে কি করে রিভিউয়ের ১৫ দিন সময় অতিক্রম হওয়ার আগে ফাঁসি কার্যকর হবে?”