ভারতের পশ্চিমবঙ্গের কারাগারে দীর্ঘদিন আটক থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ১১১ বাংলাদেশি জেলে। বৃহস্পতিবার দুপুরে পাঁচটি মাছ ধরা ট্রলারসহ তাদেরকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
ভারতের পশ্চিমবঙ্গের হেমনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমলেশ কুমার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের কাছে তাদেরকে হস্তান্তর করেন।
বাংলাদেশ ভারতের জলসীমা নির্ধারণকারী নদী কালিন্দির মধ্যভাগে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সমশেরনগর ক্যাম্প এবং বিজিবির কৈখালি রিভারাইন সদস্যরা হস্তান্তর কাজে সহায়তা করেন । এ সময় জেলেদের ব্যবহৃত ট্রলার এমভি জাহানারা, এমভি আনোয়ারা, এমভি আল্লাহর দান ২, এমভি রহিমা ও এমভি ইসরাত জাহান খেয়ার মালিক কবির হোসেন, নুর ইসলাম, নুর মোহাম্মাদ, জামাল মোল্লা ও মো. বাবুল উপস্থিত ছিলেন।
বিজিবির মেজর মামুন জানান, মুক্তি পাওয়া ১১১ জেলের মধ্যে কক্সবাজারের ৬১ জন, পটুয়াখালির ১৮ জন, বরগুনার ১৭ জন, বাগেরহাটের ১৩ জন এবং ভোলা ও বরিশালের একজন করে রয়েছেন।