জীবনযাত্রা এখন স্বাভাবিক: তোফায়েল

 
সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশের অগ্রগতি প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘এ অরাজকতা দেশের মানুষ সমর্থন করে না। এ বিষয়ে ইটালির পররাষ্ট্র উপমন্ত্রীকে অবহিত করা হয়েছে।’
 
বৃহষ্পতিবার সচিবালয়ে বাংলাদেশে সফররত ইটালির পররাষ্ট্র উপমন্ত্রী সেন বেনিদিত্তো ডেল্লা ভেডোভার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
 
তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের মানুষের জীবনযাত্রা এখন স্বাভাবিক হয়ে এসেছে।  বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।’
 
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. শওকত আলী ওযারেছী প্রমুখ উপস্থিত ছিলেন।