শহীদ মিনার ঘিরে র‌্যাব-পুলিশের কঠোর নিরাপত্তা

 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে পালনের লক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।’
 
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে  সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
অপরদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য নির্দিষ্ট একটি সিডিউল রয়েছে। প্রথমে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা শ্রদ্ধা নিবেদন করবেন। এবার কলকাতার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার কয়েকজন মন্ত্রীকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তবে শহীদ মিনারে  তার (খালেদা জিয়া) পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সঙ্গে কেউ সরাসরি যোগাযোগ করেননি। তবে যে কোনো দল, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যারা শহীদ মিনারে ফুল দিতে আসবেন পুলিশ তাদের সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা  প্রদান করবে।