তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাত নয়টায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এই সফরে মমতার সঙ্গে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, অভিনেত্রী মুনমুন সেন, অভিনেতা প্রসেনজিত্, দেব ও কণ্ঠশিল্পী নচিকেতা।
সফরকালে আগামীকাল শুক্রবার রাতে তিনি ভারতীয় হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগ দেবেন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী আয়োজিত চা-চক্রে অংশ নেবেন। মমতা ব্যানার্জি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি প্রদ্ধা জানাতে আগামীকাল মধ্য রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অমর একুশে উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। শনিবার তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এদিনই তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স কলকাতার (আইসিসি) সহযোগিতায় ফেডারেশন অব ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অব ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) নেতৃবৃন্দের উদ্দেশে ভাষণ দেবেন।
জানা গেছে, মমতা ব্যানার্জি বাংলাদেশের ব্যবসায়ীদের পশ্চিমবঙ্গের রিয়াল এস্টেট ব্যবসা ও পর্যটন শিল্পে বিনিয়োগের আমন্ত্রণ জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিস্তার পানি বন্টন, স্থল সীমান্ত চুক্তি, ইলিশ রপ্তানির বিষয়ে কথা বলবেন। কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে বিশ্বভারতী চত্বর সংলগ্ন অঞ্চলে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ ভবন। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন সেই ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপনের। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর নামাঙ্কিত চেয়ারটিও প্রধানমন্ত্রীকে উদ্বোধনের আমন্ত্রণ জানাবেন।