গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে যানবাহনে পেট্রোলবোমা হামলায় আরো সাত জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে তিন জন বাসযাত্রী এবং টাঙ্গাইল ও মাগুরায় ট্রাকচালক-হেলপারসহ চার জনের শরীর ঝলসে গেছে। চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মির্জাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ ২৫ জন আহত হয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতাল চলাকালে এসব ঘটনা ঘটে।
চট্টগ্রাম অফিস জানায়, বুধবার রাত ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানার রেলওয়ে পোলোগ্রাউন্ড এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাসের ৩ যাত্রী অগ্নিদগ্ধ হন। এর মধ্যে সুভাষ সোম (৬৫) নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিত্সার জন্য গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুভাষ সোম চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বীরেন্দ্র সোমের ছেলে। তিনি নগরীর রিয়াজউদ্দিন বাজারের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। দগ্ধ অন্য দুই বাসযাত্রী নূর মোহাম্মদ (৩০) ও মো. আরিফকে (৩০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মো. নাছির, রুপম দেবনাথ, মো. সোহেল, সাবের আহম্মদ ও মোজাম্মেল হক আহত হয়েছেন।
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকায় বুধবার রাত ১টার দিকে একটি বালু বোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮৩৭২৭) পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ট্রাকচালক উজ্জ্বল হোসেনের (৩২) শরীরের ৪০ভাগ ও হেলপার মামুন মিয়ার (২৪) শ্বাসনালীসহ ৭০ভাগ অংশ পুড়ে গেছে। তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। উপজেলার সিরাজকান্দি বালুর ঘাট থেকে বালু নিয়ে ট্রাকটি ঢাকা যাচ্ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকালে নাঈম নামের এক পল্লী চিকিত্সককে আটক করা হয়েছে।
জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি ও দগ্ধ ট্রাকটির মালিক আমিনুর রহমান বলেন, আহত উজ্জ্বল টাঙ্গাইল সদর থানার কান্দুলিয়া পাড়ার আব্দুল আলিমের ছেলে। সে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। মাত্র কয়েকমাস আগে তার বিয়ে করেছে। অন্যদিকে হেলপার মামুন একই এলাকার আল আমিনের ছেলে। তার পরিবারের অবস্থা আরো খারাপ। সে বিয়ে করবে, মেয়ে দেখাও হয়ে গেছে। এর মধ্যে তাকে আগুনে পুড়তে হলো। এ ঘটনায় পরিবার দুটি পথে বসে গেলো।
মাগুরা প্রতিনিধি জানান, সদর উপজেলার শিমুলিয়া নামক স্থানে দুর্বৃত্তরা বুধবার রাতে একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করলে চালক চুন্নু সর্দার (৪০) ও হেলপার চয়ন মন্ডল (২৫) দগ্ধ হন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চয়ন মন্ডলের বাম হাত এবং মুখ ও কানের এক পাশ পুড়ে গেছে। চালকের কানের পাশে ও চুলের কিছু অংশ পুড়ে গেছে। উভয়ের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে।
চাঁদপুর প্রতিনিধি জানান,শহরের রেলওয়ে স্টেশনে মেঘনা এক্সপ্রেসের একটি বগিতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে বগিটির বেশ কয়েকটি আসন পুড়ে যায়। এ কারণে ট্রেনটি সহস্রাধিক যাত্রী নিয়ে ৪০ মিনিট বিলম্বে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় চাঁদপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। এছাড়া ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ম্যানেজার (ডিআরএম)।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ ৩০ জন আহত হন। এর মধ্যে বুলেটবিদ্ধ ৫ জন হলেন: মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন খোকন(৬০), মহেড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ূন মিয়া (৪০), যুবদল নেতা মতিন (৪৩), স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তফা (৩৮) ও কৃষক দলের নেতা শাজাহান(৪৫)। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক ভুইয়া জানান, বিএনপি নেতাকর্মীরা রেল লাইন এলাকায় নাশকতার চেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে জুলহাস ও হালিম নামে দুই যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।
দিনাজপুর স্টাফ রিপোর্টার জানান, অবরোধকারীরা বুধবার রাতে জেলায় ১টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান ও ৩টি ইজিবাইক ভাংচুর এবং আলু বোঝাই একটি ভটভটিতে আগুন দিয়েছে। এতে ট্রাকের চালক নুরুল ইসলাম (৩৫) ও হেলপার সাজু (২৫) আহত হন।