মুরাদনগরে আওয়ামী লীগ সভাপতিকে কুপিয়ে জখম

কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম ভুঁইয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার রাজা-চাপিতলা বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে শালিসে অংশগ্রহণের জের ধরে বৃহস্পতিবার রাতে রাজা চাপিতলা বাজারে স্থানীয় কুদ্দুছ মেম্বারের নেতৃত্বে স্বপন, মালু, নিজামুদ্দিন নিজা, হুমায়ন,মঙ্গল, ফারুক, নাজমুলসহ একদল সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা কাইয়ুম ভুইয়া ও রিপন মিয়ার ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে কুপিয়ে জখম করে। এ সময় তাদেরকে রক্ষা করতে এলাকার কয়েকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালিয়ে তাদের আহত করে। স্থানীয়রা গুরুতর আহত আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। খবর পেয়ে শুক্রবার সকালে মুরাদনগরের সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার হাসপাতালে কাইয়ুম ভুইয়াকে দেখতে গিয়ে অবিলম্বে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতারে নির্দেশ দেন। 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি। মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।