ভেনিজুয়েলার 'ষড়যন্ত্রকারী' বিরোধী নেতা গ্রেফতার

 
ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা এবং কারাকাসের মেয়র এ্যান্টোনিও লেদেজেমাকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন মদদে অভ্যুত্থান ঘটানোর যে ষড়যন্ত্র চালানো হয়েছে সেটি রুখে দিতেই বিরোধী নেতার গ্রেফতার প্রয়োজন ছিল বলে জানায় দেশটির সরকার। বৃহস্পতিবার লেদেজেমাকে তার কার্যালয় থেকে আটক করা হয়।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা করেছেন, শান্তি ভঙ্গ করার প্রচেষ্টা চালানোয় লেদেজেমাকে শাস্তি দেওয়া হবে। এদিন রেডিও ও টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট একথা বলেন। বক্তৃতায় তিনি বলেন, লেদেজেমাকে আটক করা হয়েছে এবং তার অপরাধের বিচার করা হবে। তাকে তার সব অপরাধের জন্য দায়ী করা হবে।
ওদিকে লেদেজেমাকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতারা। এ ঘটনায় শত শত সমর্থক পুলিশ গোয়েন্দা সংস্থার সদরদপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
 বৃহস্পতিবার ছদ্মবেশে ১০ জন লোক বিরোধী নেতা লেদেজেমার (৫৯) কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে ধরে নিয়ে যায়। বিরোধী নেতার এক সহযোগী বলেছেন, কর্মকর্তাদের কয়েকজন জাতীয় গোয়েন্দা পুলিশের পোশাক পরা ছিল।
গত সপ্তাহে লেদেজেমাকে ষড়যন্ত্রকারী হিসেবে ঘোষণা করেন মাদুরো। এসময় ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক সরকারকে উৎখাতে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করায় পশ্চিমা শক্তিশালী দেশগুলোকে অভিযুক্ত করেন তিনি। সূত্র: আলজাজিরা