ঋণ প্যাকেজের গ্রিসের অনুরোধ নাকচ করল জার্মানি

 
 
 
 
ইউরোজোনের দেয়া ঋণ প্যাকেজের সময়সীমা আরো ছয় মাস বাড়ানোর জন্য যে অনুরোধ জানিয়েছিল গ্রিস, তা নাকচ করে দিয়েছে জার্মানি। খবর বিবিসির।
নতুন করে অর্থ-সহায়তা না পেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রিস দেউলিয়া হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ঋণ প্যাকেজের সময়সীমা বাড়ানোর অনুরোধকে ইউরোপীয় কমিশন ইতিবাচক বলে উল্লেখ করার খানিক পরই তা নাকচ করেছে জার্মানি। এখন ঋণ প্যাকেজের সময়সীমা বাড়ানোর ব্যাপারে জোরদার কূটনৈতিক তত্পরতা চলছে।
ইটালির প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কমিশনের সভাপতি গ্রিসের প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা বলেছেন বলে জানা গেছে।
অর্থনৈতিক সংকট উত্তরণের জন্য নানা বিষয় নিয়ে বৃহস্পতিবারে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের সাথে গ্রিসের প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস প্রায় ৫০ মিনিট ধরে আলাপ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রধানমন্ত্রী সিপ্রাস দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাপক প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছেন। সাবেক সরকারের রাষ্ট্রীয় কৃচ্ছতার নীতিমালার বিপক্ষে অবস্থান নিয়ে নতুন কোনো ছাঁটাই নয়—এমন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
এখন এই আলাপচারিতাকে গ্রিসের সরকার ‘গঠনমূলক’ বলে উল্লেখ করলেও ভবিষ্যত্ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন গ্রিসের অধিবাসীদের অনেকেই।