প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ

তিস্তায় আস্থা রাখুন হাসিনাদির সঙ্গে কথা বলব

চার বছর ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশের শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, তিস্তা নিয়ে আমার ওপর আস্থা রাখুন। বিষয়টি আমার ওপর ছেড়ে দিন। আপনাদেরও সমস্যা ছিল, আমাদেরও সমস্যা আছে।

রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে ‘বৈঠকী বাংলা’ অনুষ্ঠানে খোলামেলা আলোচনা করেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি অমীমাংসিত বিষয় রয়েছে। সেগুলোর নিরসন করা দরকার। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে তা দূর করতে সেতু হিসেবে ভূমিকা রাখব। আমি খুব ক্ষুদ্র মানুষ, মাটির মানুষ। স্থল সীমান্ত চুক্তি (এলবিএ) নিয়ে যে সমস্যা ছিল তার সমাধান করে দিয়েছি। সংসদে বিল আসবে। তিস্তা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আমি হাসিনাদির (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে কথা বলব।
‘বৈঠকী বাংলা’ অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ স্বাগত বক্তব্য রাখেন। মমতা ব্যানার্জির স্বাবলীল আলোচনা ও আন্তরিকতাপূর্ণ ব্যবহারে আগত শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এবং সফরসঙ্গীরা মুগ্ধ হন। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রিজওয়ানা চৌধুরী বন্যা, ফকির আলমগীর, সাদী মহম্মদসহ বিশিষ্ট শিল্পীরা মমতা ব্যানার্জির অনুরোধে গান গেয়ে শোনান। অন্যান্যের মধ্যে যোগ দেন ও বক্তব্য রাখেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম, আলী যাকের, রামেন্দু মজুমদার, ফেরদৌসী রহমান, ফেরদৌসী মজুমদার, আবুল খায়ের লিটু, লায়লা হাসান, সেলিনা হোসেন, অভিনেতা আলমগীর, সুবীর নন্দী, নাসির উদ্দীন ইউসুফ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, কুমার বিশ্বজিত্, শামীম আরা নিপা, তারিক আনাম, নিমা রহমান, সারা যাকের, মাহমুদুল হক, আরোমা দত্ত, খিলখিল কাজী, নায়ক ফেরদৌস প্রমুখ।
মমতা ব্যানার্জি আলোচনার ফাঁকে কখনো আবেগপ্রবণ, কখনো দৃঢ়চেতা ভঙ্গিতে বলেন, আমাদের সম্পর্ক খুবই সুন্দর ও চমত্কার। একেবারে সাজানো। কোনো বাধা আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না। মনের বাঁধন কখনো আটকে রাখা যায় না। মনের দরজাটা খুলে দিতে হবে। দুই দেশের মাটি, সংস্কৃতি, ভাষা এক, দুই দেশে বহমান পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা আমাদের সবার নদী। আগেরবার আসতে চেয়েও ফিরে যেতে হয়েছিল। কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু সব বাধা ভেঙে এবার এসেছি। নতুন করে শুরু করব।
মমতা ব্যানার্জি অনুষ্ঠানের শুরুতে ও শেষে সবাইকে নমস্কার, সালাম ও প্রণাম বলে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে জয়বাংলা উচ্চারণ করেন। রবীন্দ্রনাথ, নজরুল ও জীবনানন্দের রচনার অংশবিশেষ পাঠ করেন তিনি।
কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমকেও  শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রশ্নের জবাবে বলেন, দুই বাংলা নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের টিভি চ্যানেলের অনুষ্ঠান ভারতে সম্প্রচারের ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ সরকারের সম্মতি থাকলে কলকাতায় ‘বঙ্গবন্ধু ভবন’ নির্মাণ করতে চাই। চলচ্চিত্র, নাটক নিয়ে দুই বাংলায় এক সঙ্গে কাজ করব। যৌথ সাংস্কৃতিক ও চলচ্চিত্র উত্সব হবে। কবি নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় হয়েছে। নতুন এয়ারপোর্টও হচ্ছে।
অনুষ্ঠানে মমতা ব্যানার্জির সফরসঙ্গী চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, চলচ্চিত্র তারকা প্রসেনজিত্ চক্রবর্তী, তৃণমূল এমপি অভিনেতা দীপক অধিকারী দেব, কণ্ঠশিল্পী নচিকেতা, তৃণমূলের এমপি অভিনেত্রী মুনমুন সেন, অভিনেতা ইন্দ্রনীল সেন, কবি কাজী নজরুল ইসলামের নাতি অরিন্দম কাজীর স্ত্রী কল্যাণী কাজী, কবি সুবোধ সরকার, পর্যটন মন্ত্রী চলচ্চিত্রকার ব্রাত্য বসু উপস্থিত ছিলেন।
ভারতীয় হাইকমিশনের
সংবর্ধনা
ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ গতকাল সন্ধ্যায় তার বাসভবনে সফররত মমতা ব্যানার্জির সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন। এতে আওয়ামী, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের সিনিয়র নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সম্পাদক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেন।
এদিকে বাসস জানায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বিকালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি বঙ্গবন্ধু জাদুঘরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এই ভবনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। জাদুঘর পরিদর্শন করার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুর খুনীদের বর্বরতার চিহ্নগুলো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জাদুঘরে রাখা পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। এসময় তাঁর সফরসঙ্গীগণ ও অন্য উচ্চপদস্থগণ উপস্থিত ছিলেন।
আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

আজ শনিবার দুপুর সাড়ে বারোটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মমতা ব্যানার্জি। এতে দ্বিপাক্ষিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে। এছাড়া বেলা তিনটায় বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য  রাখবেন তিনি। বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। রাত আটটায় কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।