বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল-যুবদল নেতা নিহত

 
বরিশালের গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল ও যুবদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলা সদরের বাইপাস সড়কের বুধার নামক এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলা যুবদল নেতা ও বাকাল গ্রামের হোসেন মোল্লার ছেলে কবির হোসেন মোল্লা (৩০) এবং উপজেলা ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নগরবাড়ি গ্রামের মৃত মতিউর রহমান হাওলাদারের ছেলে টিপু হাওলাদার (৩৫)। তারা দুইজনই গত ৯ ফেব্রুয়ারি একটি মালবাহী পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করা মামলার আসামি।
আগৈলঝাড়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে কবির ও টিপু হাওলাদারকে ঢাকার ওয়াজপুর এলাকা থেকে থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমতে শুক্রবার রাত সোয়া দুইটার দিকে তাদের মজুদ করা পেট্রোল বোমা ও অস্ত্র উদ্ধার এবং তাদের আত্মগোপনে থাকা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য বাইপাস সড়কের বুধার এলাকায় যায় পুলিশ। এসময় লুকিয়ে থাকা বাকি আসামিরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এসময় পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে কবির ও টিপু হাওলাদার পালিয়ে যাবার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তবে বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ওসি আরো জানান, শনিবার সকালে নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।