রাশিয়ার বিরুদ্ধে পূর্ব ইউক্রেনে আরো ট্যাংক ও সেনা পাঠানোর অভিযোগ করেছে কিয়েভ। এগুলো বিদ্রোহীনিয়ন্ত্রিত নোভোয়াজভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে বলে শুক্রবার ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ক্ষমতাচ্যুতিকে ‘ক্যু’ হিসেবে বিবেচনা করে এর এক বছর পূর্তিতে গতকাল শনিবার মস্কোয় মিছিল-সমাবেশের আয়োজন করেছে রাশিয়ার সরকার সমর্থকরা। গত বছর ইইউপন্থিদের আন্দোলনের মুখে রুশপন্থ ইয়ানুকোভিচের পতন হয়েছিল। খবর বিবিসি ও রয়টার্সের।
বন্দরশহর মারিউপল থেকে ৪০ কিলোমিটার পূর্বে আজভ সাগরের তীরে অবস্থিত নোভোয়াজভস্কের নিয়ন্ত্রণ এখন ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের হাতে। রাশিয়ার ট্যাঙ্ক ও সেনা পাঠানোর খবরে সেখানে নতুন করে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। তবে এ অভিযোগের ব্যাপারে তাত্ক্ষণিকভাবে মস্কোর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে রাশিয়া বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে থাকে। এ অভিযোগটি সত্য হলে ইউরোপের মধ্যস্থতায় বেলারুশের রাজধানী মিনস্কে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি যা গত রবিবার থেকে কার্যকর হয়েছে, সেটি ভেস্তে যেতে পারে। গত বছরের এপ্রিলে শুরু হওয়া সংঘাতে ইউক্রেনে এ পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। এ ছাড়া, উদ্বাস্তু হয়েছেন কয়েক লাখ মানুষ।