সাংবাদিক হোসাইন জাকির আর নেই

ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক হোসাইন জাকির আর নেই। রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। পারিবরিক সূত্রে এ তথ্য জানা গেছে।
হোসাইন জাকিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন জানান, প্রায় ১৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় কর্মরত জাকির বেশ কয়েক মাস আগে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শে বায়োপসি রিপোর্ট করানো হলে মুখে ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
সাংবাদিক হোসাইন জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়া হয়। সেখান থেকে ব্যবস্থাপত্র নিয়ে মাস দুয়েক আগে দেশে ফিরিয়ে আনা হয়। এর পর থেকে ডেল্টা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন জাকির।
ফরিদা জানান, খুব বেশি পান খেতেন জাকির। একসময় এর প্রভাবে মুখে দাঁতের মাড়ির একপাশে ক্ষত সৃষ্টি হয়। এতেই ক্যান্সার ছড়িয়ে যায় তার দেহে।
স্ত্রী এবং কন্যা নিলয় (১৪), ছেলে আকাশ (১১) ও দেড়বছরের শিশুপুত্র স্বপ্নকে  নিয়ে পশ্চিম মনিপুরের একটি ভাড়া বাসায় থাকতেন জাকির।
তিনি সর্বশেষ প্রকাশিতব্য দৈনিক ‘আজকের পত্রিকা’র প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি দৈনিক  আলোকিত বাংলাদেশের প্রধান প্রতিবেদক ছিলেন এবং যুগান্তরের বিশেষ প্রতিনিধি ছিলেন। পেশাজীবনে সাংবাদিকতায় সেরা প্রতিবেদনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০০৪, ২০০৬, ২০০৭ ও ২০০৯ এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার লাভ করেন তিনি।