ফেনীতে র্যাব সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় হাতে থাকা ককটেল রাস্তায় পড়ে বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়। তার নাম মো. রহমান ভূঁইয়া বাবু।
ফেনী র্যাব অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল ২১ ফেব্রুয়ারি রাতে শহরের রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় রামপুর সওদাগর বাড়ির ৫৮০ নং বাসায় অবৈধ মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হয় এই খবর জানতে পেরে মাদক দ্রব্য উদ্ধারের জন্য তল্লাশি করে। এ সময় ৩৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ১৪ শত টাকাসহ আসামি মো. কামরুল হাসান (২৫) একজনকে আটক করে। আরো মাদক দ্রব্য উদ্ধারের জন্য তল্লশি শুরু করলে র্যাব সদস্যগণের কাজে বাধা সৃষ্টি করার জন্য আটককৃত আসামি কামরুলের কতিপয় সহযোগী উক্ত স্থানে রাত ২টার দিকে হাজির হয়। পরে হঠাৎ র্যাব সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ সময় র্যাব সদস্যরা ককটেল নিক্ষেপকারীকে ধাওয়া করলে দৌড়ে পালানোর সময় নিক্ষেপকারী রাস্তায় হোচট খেয়ে পড়ে যায়। এ সময় তার হাতে থাকা একটি ককটেল বিস্ফোরিত হয়। এসময় ককটেল নিক্ষেপকারীর ডান হাতের কব্জি পর্যন্ত মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়। রাস্তায় পড়ে গিয়ে তার মাথার পিছনে এবং বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারের আঘাতে তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। র্যাব সদস্যগণ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে। পরে চিকিৎসার জন্য ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জিজ্ঞাসাবাদে ককটেল বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ও কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে।
ফেনী জেলা সদর হাসপাতালের ডা. মো. শামছুদ্দিন ইলিয়াস জানান, রাতে ককটেল বিস্ফোরণে আহত একজন রোগী ভর্তি হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।