পাহাড়ে জঙ্গি ক্যাম্প, অস্ত্রসহ আটক ৫

 
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা লটমণিতে জঙ্গি প্রশিক্ষণের একটি ক্যাম্পের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেখান থেকে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
আটককৃতরা হলেন-মোবাশ্বের হোসেন, আবদুল খালেক, আমিনুল ইসলাম, আমির হোসেন ইসহাক ও হাবিবুর রহমান পাশিন।
রবিবার সংবাদ সম্মেলনে র‌্যাব হেডকোয়ার্টারের পরিচালক (আইন ও গণমাধ্যম) কমান্ডার মুফতি মাহমুদ জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে তিনটি একে২২ রাইফেল, সাতটি বিদেশি রিভলভার ও পিস্তল, তিনটি দেশি বন্দুক, আটটি ধামা ও কিরিচ, ৭৫১ রাউন্ড গুলি, ২০১টার মতো ম্যাগজিন, বিপুল পরিমাণ সামরিক বাহিনীর প্রশিক্ষণ পোশাক, ওয়াকিটকি, চর্টলাইট, বক্সিংগ্লাভস, বাইনোকুলার, ঘড়ি, চার্জার, ব্যাগ, রশি, ড্রাম, হোয়াইট বোর্ড উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী থেকে ১২জন জঙ্গিকে আটক করা হয়। জিজ্ঞাসবাদে তারা এই ক্যাম্পের কথা জানায়।
র‌্যাব জানিয়েছে, শনিবার গভীর রাতে লটমণির পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি ক্যাম্পের সন্ধান পাওয়া যায়। ক্যাম্পটি স্থানীয়রা খামার হিসেবেই জানত। মাওলানা মোবারক ও আজিজ এই খামারের মালিক। এরকম আরো ক্যাম্প থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।