রাবিতে ছাত্রদলের ৩ নেতা আটক

 
জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার তিন নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে তাদের বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাবি শহীদ সোহরাওয়ার্দী হল শাখার আহ্বায়ক শামসুদ্দিন চৌধুরী সানিন, আইন অনুষদের আহ্বায়ক আল-আমিন আজাদ ও শের-ই-বাংলা ফজলুল হক হলের যুগ্ম-আহ্বায়ক মিঠু।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম ছয়দফা দাবিতে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে শেষ হয়। সেখান থেকে চারুকলার গেট দিয়ে বেরিয়ে যাবার সময় সকাল ১০টায় পুলিশ তাদের আটক করে।
নগরীর মতিহার থানার ওসি আব্দুর রউফ জানান, ক্যাম্পাস অস্থিতিশীল করার অভিযোগে তিন ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।