জেদ ছেড়ে সংলাপে বসুন: নাগরিক ঐক্য

 
 
 
 
 
দেশের মানুষের শান্তির জন্য জেদ ছেড়ে সংলাপে বসতে সরকার ও অবরোধ-হরতাল পালনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘হরতালের ভয়াবহতা সাধারণ মানুষের স্বাভাবিক জীবন তছনছ করে দিয়েছে। অগ্নিদগ্ধের আহাজারি আর রাষ্ট্রীয় সন্ত্রাসে মানুষ মারা যাচ্ছে যখন-তখন। অর্থনীতি ধ্বংস হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে গভীর সংকট তৈরি হবে। এ জন্য সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান জরুরি।’
রবিবার রাজধানীর তোপখানা রোডস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমানা মান্না বলেন, ‘দেশে যে সংকটের সৃষ্টি হয়েছে তার মূল কারণ হলো—দুই নেত্রীর জেদ ও রাগ। এ সংকট সমাধানে সংলাপের জন্য তাদের আন্তরিক হতে হবে। সংকট যতই বড় হোক না কেন, সমাধানের পথ আছে।’
মান্না বলেন, ‘বিদেশিদের হস্তক্ষেপে সংলাপ হতে হবে—এটা নাগরিক ঐক্য মনে করে না। তবে তাদের এই মধ্যস্থতার যৌক্তিক কারণ থাকলে, সেটা হতে পারে।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে সরকার যে বক্তব্য দিচ্ছে, জনগণ আর সেটির ওপর আস্থা রাখতে পারছে না। কারণ, সহিংসতায় মৃতের সংখ্যা ১০০ ছুঁই-ছুঁই, আহত হাজার ছাড়িয়ে গেছে। অগ্নিদগ্ধের আহাজারি থামছে না।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারকে কেউ গায়ের জোরে সংলাপ করতে বলছে না। দেশের প্রয়োজনে এই সংলাপ করতে হবে। কারণ, মানুষ শান্তি চায়।’
৫ জানুয়ারির নির্বাচন নিয়ে মান্না বলেন, ‘জোর-জোবরদস্তিমূলক আচরণে নির্বাচন হয়েছে। জনগণের ম্যান্ডেটকে তোয়াক্কা করা হয়নি।’
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা—এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, ‘সিটি করপোরেশনের নির্বাচন বিনা চ্যালেঞ্জে পার হতে দেয়া হবে না। তবে জাতীয় নির্বাচনের ইস্যু যদি বড় হয়, তাহলে সেটা নিয়েই আন্দোলন করব।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক সোমবার বিকালে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নাগরিক ঐক্যের গণমিছিলে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান। বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে গণমিছিলে বিশিষ্টজনরা অংশ নেবেন বলে তিনি জানান।