‘বিএনপি নেতারাই হরতাল-অবরোধ মানছেন না’

 
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘হরতাল-অবরোধ ডেকে বিএনপির নেতারাই তা মানছেন না। বিভিন্ন হাইকমিশনের অনুষ্ঠানে দলটির সিনিয়র নেতারা গাড়িতে করে যাচ্ছেন। হরতাল-অবরোধ মানলে তারা গাড়িতে না গিয়ে হেটে যেতেন। এতে প্রমাণ হয়, দলের বড় বড় নেতারাই কর্মসূচি মানেন না।’
 
আজ রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে দেশের বিভিন্ন স্থানে ১৯টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ঔষধাগারের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম রসুল প্রমুখ বক্তব্য রাখেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, ‘হরতাল-অবরোধ ডেকে দলের নেতারা গাড়িতে ঘুরে বেড়ান। অথচ সাধারণ মানুষ গাড়িতে যাতায়াত করলে পেট্রলবোমা বোমা মেরে নির্মমভাবে হত্যা করা হয়।’
 

জ্বালাও-পোড়াও করে সরকারের পতন ঘটানো যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘জ্বালাও-পোড়াও করে সরকারের পতন ঘটানো গেলে বিশ্ব সভ্যতা বলে কিছু থাকতো না।’