আধুনিক অগ্নিনির্বাপক বানালেন শার্শার মিজান

যশোরের শার্শায় মোটর মেকানিক মিজানুর রহমান আধুনিক এক অগ্নিনির্বাপক আবিষ্কার করেছেন। মিজানুর রহমান জানান, এক বছর ধরে গবেষণা করে অল্প খরচে এ মেশিনটি তৈরি করেছেন। এটি তৈরি করতে তার মাত্র ৫/৬ হাজার টাকা খরচ হয়েছে।

মেশিনটি যেখানে রাখা হবে সেখানে যে কোন প্রকারের আগুন নেভাতে সক্ষম। আগুন দেখা মাত্র ১০ সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আগুন নেভাতে শুরু করবে। এ ছাড়াও মেশিনটি তাত্ক্ষণিকভাবে তার মালিক ও ফায়ার সার্ভিসকে মোবাইলে আগুনের খবর জানিয়ে দিবে। হুইসেল দিয়ে আধা কিলোমিটার এলাকার সাধারণ মানুষকে আগুনের বার্তা পাঠিয়ে সতর্ক করবে।  এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার এ টি এম শরীফুল আলম  জানান, মোটর সাইকেল মেকানিক মিজানুরের আগুন নেভানো মেশিনটি খুবই অদ্ভুত ও গুরুত্বপূর্ণ। সরকার এ ধরনের আবিষ্কারকে উদ্বুদ্ধ করতে সহযোগিতা করবে। সরকারের কাছে আবেদন করলে তাকে এ ধরনের কাজে সাহায্য করা হবে বলে তিনি জানান।