ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ

কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অন্তর্দ্বন্দ্বের জের ধরে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার দুপুর ১টা থেকে ব্যবসায়ীরা তাদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে জানা যায়, ব্যবসায়ীরা প্রতি ট্রাকে ৩০ টন ফল আমদানি করে সরকারের রাজস্ব দেয় মাত্র ১৪ টনের। কিন্তু সম্প্রতি কাস্টমস কর্তৃপক্ষ অন্তত ২০ টনের রাজস্ব দাবি করায় ব্যবসায়ীরা দুপুর ১টা থেকে পূর্ব ঘোষণা ছাড়াই আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। এর ফলে ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজা ডাঙ্গা এলাকায় প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে।
ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, ভোমরা স্থল বন্দর থেকে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দিন দিন কমে যাচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। তবে, কতদিন তারা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন তা তিনি জানাতে পারেননি।

ভোমরা বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার তারেক মাহমুদ জানান, ব্যবসায়ীদের কাঁচামাল আমদানিতে কিছু সুবিধা দেয়া হয়। কিন্তু তাদের দাবি সুযোগ-সুবিধা আরো বাড়াতে হবে। তারা কি কারণে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে তা আমার জানা নেই। ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়ায় সরকার প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার রাজস্ব হারাবে।