হিলি সীমান্তে পালিত হলো মাতৃভাষা দিবস

হিলি সীমান্তের শূন্য আঙিনায় উদযাপিত হলো অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে সীমান্তের ২৮৫নং মেইন পিলারের কাছে স্থাপন করা হয় অস্থায়ী শহীদ মিনার।

 সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুই বাংলার বাংলাভাষী মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির লক্ষ্যে স্থানীয় সাপ্তাহিক আলোকিত সীমান্ত ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ফলে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানটি পরিণত হয় দুই বাংলার মানুষদের মিলন মেলায়।
সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের (অর্ধনমিত) মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোকিত সীমান্তের সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, সাংগঠনিক সম্পাদক প্রতাপ মল্লিক, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের আহবায়ক হারুন উর রশিদ।