রবিবার সিরাজগঞ্জে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে আইয়ুব আলীর বাড়িতে আগুন দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত আইয়ুব দৈনিক সকালের খবর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ আগুন লাগানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২টি ঘর, আসবাবপত্র, মোটর সাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে। তাত্ক্ষণিক ক্ষয়ক্ষতির হিসেব জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিরত কর্মকর্তা মোহাম্মদ জানান, মোটর সাইকেলে আগুন দেয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুটি ঘরের আসবাবপত্র সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।