১১৯ রানের বিশাল ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরেছে আগের টানা দুই ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে ১৮৪ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস।
স্কটল্যান্ডের পক্ষে কালাম ম্যাকলেওড সর্বোচ্চ ৭১, প্রিস্টন মোমেসন ২৬ এবং ম্যাথিউ ক্রস ২৩ রান করেন।
ইংল্যান্ডের স্টিভেন ফিন ৩টি জেমস অ্যান্ডারসন, মঈন আলী ও ক্রিস ওকস ২টি করে এবং জো রুট একটি উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভালই সূচনা করেছিল। ৩০ ওভার পর্যন্ত ইংল্যান্ডের দূর্গে কোন ফাটল ধরাতে পারেনি স্কটিশরা। তবে ৩১ থেকে ৩৭ ওভারের মধ্যে চারটি উইকেট হারায় ইংলিশরা। এতে রানের গতিও কিছুটা কমে আসে। ৩১ ওভারের ১ম বলে দলীয় ১৭২ রানের মাথায় ইংলিশদের প্রথম উইকেট পড়ে। ইয়ান বেল ৫৪ রান করে সাজ ঘরে ফেরেন। এরপর ৩৫ তম ওভারের ৩য় বলে দলীয় ২০১ রানের মাথায় মঈন আলী অনবদ্য ১২৮ রানে মাজিদুল হকের বলে ফ্রেডি কোলম্যানের হাতে ধরা পড়েন। ৩৬ তম ওভারের ১ম বলে গ্যারি ব্যালেন্স ১০ রান করে আউট হন। জো রুট আউট হন ৩৭ তম ওভারের ১ম বলে। দলীয় ২৫২ রানের মাথায় জেমস টেইলর ব্যক্তিগত ১৭ রান করে জস ডেভির শিকার হন। দলীয় ২৯৭ রানে জস বাটলার এবং ৩০০ রানে জস ডেভির পরপর দুই বলে ইয়ন মরগান ও ক্রিস ওকস আউট হন।
স্কটল্যান্ডের পক্ষে জস ডেভি চারটি এবং মাজিদুল হক, রিচি বিরিংটন, অলাসদায়ির ইভান ও ইয়ান ওয়ার্ডল একটি করে উইকেট নেন।
ইংল্যান্ড দল: মঈন আলী, ইয়ান বেল, গ্যারি ব্যালেন্স, জো রুট, ইয়ন মরগান, জেমস টেইলর, জস বাটলার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রোড, স্টিভেন ফিন ও জেমস অ্যান্ডারসন।
স্কটল্যান্ড: কায়েল কোয়েটজার, কালাম ম্যাকলেওড, ফ্রেডি কোলম্যান, ম্যাট ম্যাখান, প্রিস্টন মোমেসন, রিচি বিরিংটন, ম্যাথিউ ক্রস, জস ডেভি, মাজিদুল হক, অলাসদায়ির ইভান ও ইয়ান ওয়ার্ডল।