রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, নাইজেরিয়া বাংলাদেশ থেকে প্রতিযোগিতামূলক মূল্যে ওষুধ আমদানির বিষয়টি বিষয়টি বিবেচনা করতে পারে। বাংলাদেশের বিকাশমান ফার্মাসিউটিক্যালস শিল্প এখন বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশে নিযুক্ত নাইজেরিয়ার হাইকমিশনার (অনিবাসি) ডুবুইসি ভি আমাকু রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাতকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস শিল্প বর্ধনশীল এবং দেশটি বর্তমানে বিশ্বের প্রায় ৭৩টি দেশে ওষুধ রপ্তানি করছে।
বৈঠকে রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ থেকে প্রতিযোগিতামূলক মূল্যে নিটওয়্যার, সিমেন্ট, পাট ও পাটজাত পণ্য, সিরামিক সামগ্রি এবং চামড়াজাত সামগ্রি আমদানি করতে পারে নাইজেরিয়া।
রাষ্ট্রপতি বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্কে তার সন্তোষ প্রকাশ করেন।
হাইকমিশনার ডুবুইসি ভি আমাকু বলেন, বাংলাদেশে অনেক নাইজেরিয়ান শিক্ষার্থী পড়াশোনা করছে। কৃষি ও আইটি খাতে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে সহযোগিতা হতে পারে।
নাইজেরিয়ার হাইকমিশনার তার দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।