কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় এসব মাদকদ্রব্য ধ্বংস করেছে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
মাদকদ্রব্য ধ্বংসের উদ্বোধন করেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন রংপুর সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মো. জুলফিকার আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রামস্থ ৪৫ বিজিবি’র পরিচালক মো. জাকির হোসেন, অতিরিক্ত পরিচালক এ টি এম হেমায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকছুদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) মাসুদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম রেঞ্জের তত্বাবধায়ক মো. নবাব আলী।
আটককৃত মাদকদ্রব্যের মধ্যে ছিলো- ১০ হাজার ৭০৮ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ৩ হাজার ৪২১ বোতল ফেন্সিডিল ও ৩১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা। যার মূল্য এক কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা। ১৫ ডিসেম্বর ২০১২ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০১৪ইং পর্যন্ত সময়ে কুড়িগ্রাম বিজিবি’র সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব মাদকদ্রব্য আটক করেছে।