যুক্তরাষ্ট্রের শপিং মলগুলোতে হামলার হুমকি আল-শাবাবের

 
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের শপিং মলগুলোতে সন্ত্রাসী হামলার হুমকি মোকাবিলায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জে জনসন। সোমালিয়ার আল-শাবাব জঙ্গিরা একটি ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্র ও কানাডার শপিং মলগুলোতে হামলার হুমকি দেয়ার পর এই সতর্কতা জারি করা হল।
ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের ইহুদি মালিকানাধীন শপিং মলগুলোতে আক্রমণ চালাতে মুখোশ পরিহিত এক লোক সংগঠনের সমর্থকদের প্রতি আহ্বান জানাচ্ছেন। এসময় তিনি দেশ দুইটির বড় বড় কিছু শপিং মলের কথা বিশেষভাবে উল্লেখ করেন। এগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ শপিং সেন্টার মিনেসোটা মল অব আমেরিকা, কানাডার ওয়েস্ট এ্যাডমনটন মল, লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট এবং ২ টি ওয়েস্টফিল্ড শপিং মল। এদিকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জনসন বলেছেন, আল-শাবাব জঙ্গিরা তাকে বিভিন্ন মলে হামলা চালানোর হুমকি দিয়েছেন। যেকোন সময় তারা এ হামলা চালাতে পারে। তাই বিষয়টির ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। তিনি আরো বলেন, তবে এমনটি বলছি না যে, তারা যেসব মলের তালিকা দিয়েছে সেসব মলে লোকজন যাবে না।
২০১৩ সালে নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে আল-শাবাব জঙ্গিরা হামলা চালিয়ে ৬৭ জনকে হত্যা করেছিল। 
অপরদিকে যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, তারা ভিডিও বার্তাটিকে গুরুত্বসহকারে নিয়েছেন এবং  বার্তাটির বক্তব্য নিরুপণের চেষ্টা করছেন। তাছাড়া এ ঘটনায় আমেরিকা ও ওয়েস্ট এ্যাডমনটন মল কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানিয়েছে। এছাড়া ফ্রান্স, ডেনমার্কেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র:বিবিসি