বাংলাদেশ সরকারি প্রেসের (বিজি প্রেস) ম্যানেজার একেএম জসিম উদ্দিনের বিরুদ্ধে ওয়েস্টেজ মালামাল সরবরাহের নামে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার কমিশন এ অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপ-সহকারী পরিচালক এ কে এম বজলুর রশীদকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, বিজি প্রেসের ম্যানেজার এ কে এম জসিম উদ্দিনের বিরুদ্ধে ওয়েস্টেজ মালামাল সরবরাহের নামে ৩ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মালামাল সরবরাহের নামে ওই টাকা নিলেও পরবর্তী সময়ে তা সরবরাহ করা হয়নি। এমনকি ওই অর্থও ফেরত দেয়া হয়নি।
সূত্র আরও জানায়, অর্থ আত্মসাতের এ অভিযোগ দ্রুত অনুসন্ধানের জন্য কমিশন থেকে অনুসন্ধানকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগের সঠিক অনুসন্ধানের স্বার্থে দুদকের উপ-পরিচালক মো. আব্দুল হাইকে তদারক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।