মান্নাকে দেখামাত্র ধোলাইয়ের হুমকি ছাত্রলীগের

 
 
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মান্নাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো এবং এরপর থেকে মান্নাকে কোথাও দেখা গেলে গণধোলাই দেয়া হবে।’
 
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার উদ্দেশে ছাত্রলীগ সম্পাদক বলেন, ‘আপনি যে দুঃস্বপ্ন দেখছেন, ঢাকা বিশবিদ্যালয়ে লাশের রাজনীতি করে ক্ষমতায় আসতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো ভিমরুলের চাক। কোনো কিছু হলে আপনি হাজার ফুট মাটির নিচে গেলেও বের করে আনবে আপনাকে।’
 
জাতীয় সংলাপের অন্যতম উদ্যোক্তা নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কথোপকথনের অডিও ক্লিপ ইত্তেফাকসহ বেশ কয়েকটি মিডিয়ায় প্রকাশিত হয়। এসব কথপোকথনে মান্নাকে বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড ঘটানোর কথা বলতে শোনা যায়।
 

সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, ‘দেশে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের মধ্যে মান্না একজন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাশ ফেলার কথা বলার মধ্যে দিয়ে তার ষড়যন্ত্রের মুখোশ এখন সবার কাছে উম্মোচিত হয়েছে।’