পুড়িয়ে হত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেক সোচ্চার হয়েছে : হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, আন্দোলনের নামে বিএনপি জোটের পুড়িয়ে মানুষ হত্যাকান্ডের বিরুদ্ধে দেশের জনগণসহ বিশ্বের সকল বিবেকবান মানুষ সোচ্চার হয়েছে।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল-অবরোধ মিছিল এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিএনপিকে জামায়াত-সঙ্গ ছাড়ার এবং যুক্তরাষ্টের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিএনপি-জামায়াতকে নাশকতার পথ ছাড়তে বলেছেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘যে খোকা সাহেব বিএনপি জোটের সহিংসতার দায়িত্ব স্বীকার করে নিয়েছেন, সেই সহিংসতাকারীদের সঙ্গে যারা পরামর্শ করছে, যারা সংলাপের কথা বলছে জনগণের কাছে তারা চিহ্নিত হয়েছে। তারাও দেশ ও জাতির শত্রু। 
তিনি বলেন, যারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে এবং যারা হামলার নির্দেশ, অর্থের যোগান ও পরিকল্পনা করছে তাদের বিচার হবে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক শাহজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।